Logo

সংসদে ‘গুপ্ত’ ইস্যুতে পাল্টাপাল্টি অভিযোগে সরব সরকার-বিরোধী দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ২১:১৪
সংসদে ‘গুপ্ত’ ইস্যুতে পাল্টাপাল্টি অভিযোগে সরব সরকার-বিরোধী দল
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও পাল্টাপাল্টি অভিযোগে আলোচনায় উত্তাপ ছড়ায়।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা অভিযোগ করেন, বিরোধী দল পরিকল্পিতভাবে সরকারকে বিব্রত করতে বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, সংসদে বিরোধী দলের আচরণ দেখে মনে হচ্ছে তারা দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আগ্রহী নয়।

বিজ্ঞাপন

আলোচনার একপর্যায়ে তিনি চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত সংঘর্ষের প্রসঙ্গ তোলেন। তার দাবি, একটি নির্দিষ্ট শব্দ ব্যবহারকে কেন্দ্র করে ছাত্রদলের ওপর হামলা চালানো হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তিনি এ ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করেন।

সরকারদলীয় এই সংসদ সদস্য আরও বলেন, বিরোধী দলের কর্মকাণ্ড সংসদের ভেতরে ও বাইরে অস্থিতিশীলতা তৈরির ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে তিনি বিরোধী দলকে সতর্ক করে দিয়ে বলেন, জনগণ নীরব দর্শক হয়ে থাকবে না এবং প্রয়োজন হলে প্রতিক্রিয়া জানাবে।

তার বক্তব্যে দেশের স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে। তিনি দাবি করেন, যারা স্বাধীনতার চেতনাকে ধারণ করতে পারেনি, তারা দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারায় বিশ্বাস করে না এবং বর্তমান সরকারের বিরুদ্ধেও কাজ করছে।

বিজ্ঞাপন

এ সময় সরকারদলীয় সদস্যের বক্তব্যের কড়া প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি সংসদে ব্যবহৃত কিছু ভাষাকে অসংসদীয় আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। পাশাপাশি তিনি বলেন, একজন সংসদ সদস্যের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য সংসদীয় শালীনতার পরিপন্থী।

শফিকুর রহমান আরও প্রশ্ন তোলেন, “জনগণ বসে থাকবে না”— এ ধরনের মন্তব্যের মাধ্যমে কি জনসাধারণকে উসকানি দেওয়া হচ্ছে? তিনি এ ধরনের বক্তব্যকে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা তৈরি করে বলে মন্তব্য করেন এবং সংসদীয় আচরণ বজায় রাখার আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD