জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব জনজীবনে ওপর পড়বে না : বাণিজ্যমন্ত্রী

সিলেটে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আন্তর্জাতিক বাজারে বেশি দামে জ্বালানি আমদানি করা হলেও এর চাপ সাধারণ মানুষের ওপর পড়তে দেওয়া হবে না। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে বলে তিনি আশ্বস্ত করেন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকায় একটি খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে ডিজেলের দাম প্রায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কম। এই বৃদ্ধির ফলে পণ্যের দামে কেজিপ্রতি আনুমানিক ৩০ পয়সা পর্যন্ত প্রভাব পড়তে পারে, তবে সামগ্রিকভাবে মূল্যস্ফীতিতে বড় ধরনের চাপ তৈরি হবে না।
বিজ্ঞাপন
সাম্প্রতিক লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পূর্বের বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে এখনো গ্যাসের ওপর নির্ভরতা বেশি। দেশে উৎপাদিত গ্যাসের পাশাপাশি চাহিদা মেটাতে অতিরিক্ত গ্যাস আমদানি করতে হয়। তবে কিছু কারিগরি জটিলতার কারণে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, ফলে বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। এ পরিস্থিতি কাটাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, মাসুকগঞ্জ থেকে শুরু হয়ে ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার খালের একটি বড় অংশ পুনঃখনন করা হবে। এতে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়ায় অতিরিক্ত ২০ হাজার হেক্টর জমিতে চাষাবাদ সম্ভব হবে। তিনি আরও জানান, আগামী ২ মে এই খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।








