রাজনীতি করলে শিক্ষকতা ছাড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

শিক্ষকদের পেশাগত দায়িত্বের বাইরে রাজনৈতিক সম্পৃক্ততা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের নেতা নন; কেউ রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে দেওয়াই উচিত।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, গত এক দশকের বেশি সময়ে অনেকের নৈতিকতা ও মূল্যবোধে অবক্ষয় দেখা গেছে। বিভিন্ন প্রভাবশালী মহলের সন্তুষ্টি অর্জনের চেষ্টায় শিক্ষকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি যতই ক্ষমতাবান হোক, আইনের ঊর্ধ্বে নয়। শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে অযাচিত প্রভাব প্রবেশ করতে না পারে। যারা আইন মেনে চলবে এবং সহযোগিতা করবে, তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। অন্যদিকে যারা সচেতন হবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।
সভায় ডেপুটি স্পিকারের একান্ত সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








