রাজধানীতে বাসভাড়া সর্বনিম্ন ৫ টাকা বাড়তি নিতে চায় পরিবহনগুলো

জ্বালানি তেলের দাম বাড়ার পর সরকার ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করলেও রাজধানীতে নতুন ভাড়ার হার এখনো পুরোপুরি কার্যকর হয়নি। তবে কিছু পরিবহন নির্দিষ্ট রুটে সর্বনিম্ন পাঁচ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানোর পরিকল্পনা করছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, শনিবার (২৫ এপ্রিল) থেকে কিছু রুটে বাড়তি ভাড়া নেওয়ার প্রস্তুতি চলছে।
সকালে কালশী থেকে যমুনা ফিউচার পার্কগামী এক যাত্রী জানান, বর্তমানে তিনি ২০ টাকা ভাড়া দিলেও বাসের কন্ডাক্টর তাকে জানিয়েছেন, পরদিন থেকে ভাড়া ৫ টাকা বাড়িয়ে ২৫ টাকা করা হতে পারে।
বিজ্ঞাপন
এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ওই যাত্রী বলেন, সরকার যেখানে প্রতি কিলোমিটারে মাত্র ১১ পয়সা ভাড়া বাড়িয়েছে, সেখানে এক ধাপে পাঁচ টাকা বাড়ানো যুক্তিযুক্ত নয়।
তবে সব রুটে এখনো বাড়তি ভাড়া কার্যকর হয়নি। পল্লবী-শ্যামলীসহ কয়েকটি রুটের বাসকর্মীরা জানিয়েছেন, তারা এখনো আগের ভাড়াই নিচ্ছেন। নতুন ভাড়ার তালিকা হাতে না পাওয়ায় বাড়তি ভাড়া নেওয়া শুরু হয়নি।
একাধিক বাসচালক ও শ্রমিক জানান, পরিস্থিতি বুঝে পরে ভাড়া সমন্বয় করা হতে পারে, যা পাঁচ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে তারা ধারণা করছেন। তবে সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত নেওয়া নিয়ে যাত্রীদের আপত্তির কথাও উল্লেখ করেন তারা।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরকার ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে নতুন হার নির্ধারণ করে। নতুন হিসাবে মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা এবং আন্তজেলা রুটে ২ টাকা ২৩ পয়সা।
এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতায় ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতো ১০ টাকাই রাখা হয়েছে।








