বাংলাদেশিদের চিকিৎসা ভিসা সহজ করার প্রতিশ্রুতি ভারতের

বাংলাদেশিদের জন্য স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভারতের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসা ভিসা প্রক্রিয়া আরও সহজ করার বিষয়েও আশ্বাস দিয়েছে দেশটি।
বিজ্ঞাপন
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশিদের জন্য স্বল্প ব্যয়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজার বিচার
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের মণিপাল হসপিটালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির মাধ্যমে চিকিৎসা পর্যটন সহজ হবে এবং বাংলাদেশি রোগীদের জন্য ভারতের উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে।
বিজ্ঞাপন
প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করতে ভারত আগ্রহী। পাশাপাশি মেডিকেল ট্যুরিজম খাতকে আরও সুসংগঠিত করতে দুই দেশের বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
চুক্তির আওতায় বাংলাদেশি রোগীরা ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা সুবিধা, আবাসন ব্যবস্থা এবং বিমান ভাড়ায় বিশেষ ছাড় পাবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, এই উদ্যোগ শুধু ব্যবসায়িক নয়, এটি একটি জনকেন্দ্রিক সহযোগিতার অংশ। ভারতের চিকিৎসা দক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত উল্লেখ করে তিনি বলেন, এই সহযোগিতা দুই দেশের মধ্যে জ্ঞান বিনিময় ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব বাড়াবে।
বিজ্ঞাপন
এদিকে, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আরও সহজ করার উদ্যোগ নেওয়া হবে। তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, অগ্রাধিকার ভিত্তিতে দ্রুতই বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা চালুর সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সীমিত করে ভারত, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।








