Logo

ভূমিহীনদের শনাক্ত করে খাসজমি দেওয়া হবে: ভূমিমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
২৪ এপ্রিল, ২০২৬, ১৭:২৫
ভূমিহীনদের শনাক্ত করে খাসজমি দেওয়া হবে: ভূমিমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজশাহীতে উচ্ছেদের ঝুঁকিতে থাকা ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি খাসজমি দেওয়ার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, প্রকৃত ভূমিহীনদের শনাক্ত করে তাদের মধ্যে জমি বরাদ্দ দেওয়া হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নওদাপাড়ার পাবনাপাড়া এলাকার অর্পিত সম্পত্তি নিয়ে চলমান বিরোধ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে বসবাসরত দরিদ্র মানুষদের হঠাৎ উচ্ছেদের চেষ্টা অমানবিক। উচ্ছেদ কার্যক্রম চালাতে হলে অন্তত কয়েকদিন সময় দিতে হবে। স্বল্প সময়ের নোটিশ দিয়ে ঘরবাড়ি ভেঙে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন হলে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা করে খাসজমি দেওয়ার ব্যবস্থা করা হবে।

ভূমিমন্ত্রী অভিযোগ করেন, অতীতে কিছু অসাধু চক্রের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পুরোনো মালিকানা দাবি দেখিয়ে অর্পিত সম্পত্তি দখলের সুযোগ দেওয়া হবে না।

এ ছাড়া ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ জোরদারের আহ্বান জানিয়ে তিনি স্থানীয় আইনজীবীদের নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পাশে ব্যক্তিগতভাবেও সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এদিন সকালে মন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও অনশন শুরু করেন ক্ষতিগ্রস্তরা। পরে তিনি সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD