সৌদি আরবে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে সেখানে মোট চারজন বাংলাদেশির মৃত্যু হলো। নিহত সবাই পুরুষ এবং মক্কায় তাদের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত ৮৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন।
ফ্লাইট পরিচালনার হিসেবে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৮টি, সৌদি এয়ারলাইনসের ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইট সৌদিতে পৌঁছেছে।
বিজ্ঞাপন
সর্বশেষ ২৬ এপ্রিল মো. খলিলুর রহমান (৬৪) এবং ২৫ এপ্রিল মো. সেরাজুল হক (৬৬) মারা যান। খলিলুর রহমানের বাড়ি দিনাজপুরের বিরামপুরে এবং সেরাজুল হকের বাড়ি ময়মনসিংহের পাগলায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।
এর আগে ২২ এপ্রিল মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দিন মণ্ডল (৭৫) মারা যান।
আরও পড়ুন: যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ৩১ মে পর্যন্ত হজযাত্রী পরিবহন চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।








