১৮ মাসের সরকার ছিল এনসিপি-জামায়াত সমর্থিত: নৌ প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে সরকারপক্ষের এক প্রতিমন্ত্রী দাবি করেছেন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধীদল গত ১৮ মাস বেশ আরামে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, সেই সুবিধা এখন পাওয়া যাচ্ছে না বলেই সমস্যা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, ওই সময়কার সরকার কার্যত বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী শক্তি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমর্থনেই পরিচালিত হয়েছিল।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, ওই সময় যারা ক্ষমতার কাছাকাছি অবস্থানে ছিলেন তারা নানা ধরনের সুবিধা ভোগ করেছেন। বর্তমান বাস্তবতায় সেই সুযোগ না থাকায় বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অতীতে কিছু ব্যক্তি ইচ্ছামতো উচ্চপর্যায়ের দপ্তরে প্রবেশ করতেন—যেমন প্রধান উপদেষ্টা বা সচিবদের ব্যক্তিগত কক্ষে। বর্তমানে সেই ধরনের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়েও বক্তব্য দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনা ঘিরে যেমন রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম হয়েছে, তেমনি সাম্প্রতিক ‘জুলাই বিপ্লব’ নিয়েও কেউ যেন নতুন করে সুবিধা নেওয়ার চেষ্টা না করে—এ বিষয়ে নতুন প্রজন্ম সচেতন।
বিজ্ঞাপন
বক্তব্যের শেষদিকে তিনি দেশের সব শহীদের সঠিক সংখ্যা ও তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানান, যাতে বিষয়টি নিয়ে ভবিষ্যতে কোনো বিভ্রান্তি না থাকে।








