Logo

২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়কে হবে ৮ লেন: সড়কমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ২০:৩৩
২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়কে হবে ৮ লেন: সড়কমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার অংশ হিসেবে ২০৪০ সালের মধ্যে ১০২ কিলোমিটার মহাসড়ককে ৮ লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে ৪৯৬ দশমিক ৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে সম্প্রসারণ করা হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের উত্থাপিত প্রশ্নের উত্তরে তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী দেশের মহাসড়ক নেটওয়ার্ককে ধাপে ধাপে আধুনিক ও সক্ষম করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বাস্তবায়নাধীন কয়েকটি প্রকল্প বর্তমানে ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে চলমান কোনো প্রকল্প বর্তমানে ফাস্টট্র্যাক তালিকায় অন্তর্ভুক্ত নয়।

বর্তমানে ডিএমটিসিএলের আওতায় যে প্রকল্পগুলো ফাস্টট্র্যাক হিসেবে বাস্তবায়িত হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে— এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) এবং এমআরটি লাইন-৫ (সাউদার্ন রুট)। রাজধানী ও আশপাশের এলাকায় গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

সড়ক নেটওয়ার্কের বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় দেশে মোট মহাসড়কের দৈর্ঘ্য ২২ হাজার ৭৩৬ দশমিক ৫৮০ কিলোমিটার। এর মধ্যে ৪ লেনের মহাসড়ক রয়েছে ৮৮৩ দশমিক ৬১ কিলোমিটার। এছাড়া ৬ লেন এবং ৮ লেনের মহাসড়কের পরিমাণও ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে। বর্তমানে ৮ লেন মহাসড়কের দৈর্ঘ্য ১৭ দশমিক ৩৪৭ কিলোমিটার।

সরকারের এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের আন্তঃজেলা যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে, পণ্য পরিবহন দ্রুততর হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি যানজট হ্রাস, ভ্রমণ সময় কমানো এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD