Logo

নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২৭ এপ্রিল, ২০২৬, ১২:৫৯
নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

নারীদের রান্নার জ্বালানি সংকট কমাতে এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী–যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, নারীদের সহজ ও সাশ্রয়ীভাবে জ্বালানি সুবিধা নিশ্চিত করতে সরকার এলপিজি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তিনি বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর এখন উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার সময় এসেছে। বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কল-কারখানা আগামী কয়েক মাসের মধ্যে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

খাল পুনর্খনন কাজে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়নমূলক কাজে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জনগণের লুণ্ঠিত অর্থ জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হবে। জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অতীতের মতোই জনগণ জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD