খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীতে নিরাপদ পানির সংকটকে বর্তমানে অন্যতম বড় নগর-সমস্যা হিসেবে উল্লেখ করে ওয়াসার পানির মান নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত বিশ্ব পানি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ওয়াসার পানির মান নিয়ে অভিযোগ নতুন নয়, তবে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, সম্প্রতি জাতীয় সংসদের পানির মান নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি সংসদ ভবনের পানি পানযোগ্য নয় বলেও অভিযোগ এসেছে। এ অবস্থাকে তিনি রাজধানীর পানি ব্যবস্থাপনার জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন।
আরও পড়ুন: ঈদুল আজহার ছুটি নিয়ে বড় সুখবর
বিজ্ঞাপন
তিনি বলেন, ঢাকায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপদ পানি নিশ্চিত করা। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পানি ব্যবস্থাপনা নিয়ে নতুনভাবে পরিকল্পনা করতে হবে। শুধু অবকাঠামো উন্নয়ন নয়, নিরাপদ পানির উৎস সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনাকেও সমান গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী বলেন, দেশের নদ-নদী রক্ষা ছাড়া নিরাপদ পানির দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। নদী দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। নদীকে বাঁচাতে না পারলে নিরাপদ পানির সংকট আরও প্রকট হবে। তিনি জোর দিয়ে বলেন, এই পরিবর্তন বাইরে থেকে আসবে না, নিজেদের উদ্যোগেই তা নিশ্চিত করতে হবে।
জনগণের করের অর্থে রাষ্ট্র পরিচালিত হয় উল্লেখ করে তিনি বলেন, সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের উচিত জনগণের মৌলিক সমস্যাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। বিলাসিতার পরিবর্তে নাগরিক সেবার মান বাড়ানোই হওয়া উচিত প্রশাসনের প্রধান লক্ষ্য।
বিজ্ঞাপন
ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডিপ টিউবওয়েলের ব্যবহার সীমিত করে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, ভবিষ্যতের পানি সংকট মোকাবিলায় এখন থেকেই বিকল্প উৎস ব্যবহারে অভ্যস্ত হতে হবে।
তিনি আরও বলেন, নিরাপদ পানির সংকট শুধু বাংলাদেশের নয়, এটি এখন বৈশ্বিক বাস্তবতা। বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানি নিয়ে সংঘাত তৈরি হচ্ছে। ভবিষ্যতে বড় ধরনের আন্তর্জাতিক সংঘাতও পানিকে কেন্দ্র করে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
আলোচনা সভায় তিনি পানি সম্পদ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং নিরাপদ পানির টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।








