পুলিশে বড় রদবদল : ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি

পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। পাঁচজন অতিরিক্ত ডিআইজিসহ মোট আট কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। জনস্বার্থ বিবেচনায় নেওয়া এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ৫ এপিবিএনের অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে ১২ এপিবিএনের অধিনায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, ১৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। র্যাবের দুই পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. খালিদুল হক হাওলাদার ও মোহাম্মদ কামরুজ্জামানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও জানা গেছে, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।








