সেই শিশু ও মাকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

কয়েকদিন আগে যশোরে এক অনন্য মানবিক মুহূর্তের সাক্ষী হয় দেশবাসী, যখন একটি শিশু সন্তান কোলে নিয়ে ফুল হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন নিলিমা নামের এক নারী। ঘটনাটি প্রধানমন্ত্রীর দৃষ্টি এড়ায়নি। তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে তিনি শিশুটিকে কাছে ডেকে নেন এবং স্নেহ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
এই হৃদয়ছোঁয়া মুহূর্তটি নিলিমার সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা তৈরি করে।
পরবর্তীতে ঢাকায় ফিরে ওই নারী ও তার শিশুর জন্য উপহার পাঠানোর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। সেই উপহার পৌঁছে দিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল যশোরে নিলিমার বাসায় যান।
বিজ্ঞাপন
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ সময় তাদের সঙ্গে ছিলেন সদস্য মাসুদ রানা লিটন এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিনিধিরা নিলিমার হাতে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার তুলে দেন এবং তার খোঁজখবর নেন। এ সময় স্থানীয়দের মধ্যেও ঘটনাটি ঘিরে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
মানবিক এই ঘটনার ধারাবাহিকতায় উপহার পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে নিলিমা ও তার সন্তানের প্রতি প্রধানমন্ত্রীর স্নেহ ও শুভেচ্ছার বার্তা পুনরায় পৌঁছে দেওয়া হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








