চট্টগ্রামে জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে এই বর্ষায়: প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার বড় অংশই চলতি বর্ষায় কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, চলতি মৌসুমে শহরে প্রায় ৮০ শতাংশ জলাবদ্ধতা থাকবে না।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণে দুই দিনের সফরে নগরীতে যান প্রতিমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি জলাবদ্ধতায় বেশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় পরিস্থিতি ঘুরে দেখেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান করে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে কাজ করবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নগরীর মোট ৩৬টি খালের মধ্যে ৬টি খালের সংস্কার কাজ এখনো চলমান রয়েছে। কিছু খালে বাঁধ থাকার কারণে ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। চলতি বর্ষায় দ্রুত পানি নিষ্কাশনের স্বার্থে আপাতত সংস্কার কাজ স্থগিত রেখে খালের বাঁধগুলো খুলে দেওয়া হবে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চলতি বর্ষায় প্রায় ৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। বাকি ২০ শতাংশ সমস্যাও আগামী ডিসেম্বরের মধ্যে সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ঘাটতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এখন থেকে একটি শক্তিশালী সমন্বয় কমিটি মাঠ পর্যায়ে কাজ করবে, যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর না থাকে।








