জুলাই অভ্যুত্থানের পর হত্যা-গুমের মামলা ১৮৫৫টি: আইনমন্ত্রী

দেশে পূর্ববর্তী সরকারের সময়ে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনাগুলোকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানের পর ব্যাপক সংখ্যক মামলা দায়ের হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, দেশের বিভিন্ন থানায় এ ধরনের ঘটনায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা নথিভুক্ত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আইনমন্ত্রী জানান, দায়ের করা মামলাগুলোর মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং বাকি ১ হাজার ৫৬টি অন্যান্য ধারায় অন্তর্ভুক্ত। ইতোমধ্যে ১৫৮টি মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৮টি হত্যা মামলা এবং ১১০টি অন্যান্য মামলা রয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, অবশিষ্ট ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, বিপুল সংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুততার সঙ্গে তা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। প্রতিটি মামলায় প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে বিচারের সময় কোনো দুর্বলতা না থাকে।
জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় সক্রিয়ভাবে আসামিদের জামিনের বিরোধিতা করছেন।
বিজ্ঞাপন
সরকার নৃশংস অপরাধের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, যারা হত্যা, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।








