ঢাকার নতুন এসপি শামীমা, একসঙ্গে চার পুলিশ সুপারের রদবদল

পুলিশ প্রশাসনে আবারও রদবদল আনা হয়েছে, যেখানে ঢাকা জেলার নেতৃত্বে পরিবর্তনসহ চারজন পুলিশ সুপারের নতুন দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে পুলিশ অধিদপ্তরে কর্মরত শামীমা পারভীনকে ঢাকা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। এতে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলার বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, পুলিশ অধিদপ্তরে কর্মরত শামীমা পারভীনকে ঢাকার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, বাগেরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে পুলিশ সুপার হিসেবে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসেবে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে।








