Logo

এসিতে ইমার্জেন্সি ডোর, নন-এসিতে জানালার রড সরানোর নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল, ২০২৬, ১৫:০৬
এসিতে ইমার্জেন্সি ডোর, নন-এসিতে জানালার রড সরানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় যাত্রীদের প্রাণহানি কমাতে গণপরিবহনে নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনায় এসি বাসে জরুরি বহির্গমন পথ নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় স্থাপিত স্টেইনলেস স্টিলের রড অপসারণের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিআরটিএ প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার সময় বাস থেকে দ্রুত বের হতে না পারাই হতাহতের অন্যতম প্রধান কারণ। বিশেষ করে দরজা বা জানালা দিয়ে বের হওয়ার সময় বিভিন্ন বাধার মুখে পড়ে যাত্রীরা, যা অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে ওঠে।

এ প্রেক্ষাপটে সংস্থাটি জানায়, এসি বাসগুলোতে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর)’ চিহ্ন থাকতে হবে। পাশাপাশি, জানালার কাঁচ ভাঙার জন্য উপযুক্ত সরঞ্জাম রাখতে হবে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত নিরাপদে বের হতে পারেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, নন-এসি বাসের ক্ষেত্রে জানালায় ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিআরটিএ। এসব রড দুর্ঘটনার সময় যাত্রীদের বের হওয়ার পথ বাধাগ্রস্ত করে। তাই জানালার মাঝামাঝি স্থানে বসানো এ ধরনের রড অপসারণে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার কিংবা রেলক্রসিং অতিক্রমের সময় দুর্ঘটনা ঘটলে দ্রুত বের হওয়ার সুযোগ না থাকায় অনেক প্রাণহানি ঘটে। নতুন এই নির্দেশনা কার্যকর হলে যাত্রীদের দ্রুত বের হওয়ার পথ নিশ্চিত হবে এবং জীবন রক্ষার সম্ভাবনা বাড়বে।

বিজ্ঞাপন

এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ। একই সঙ্গে পরিবহন মালিক ও চালকদের এ বিষয়ে সচেতন হয়ে নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD