ক্রীড়া ভেন্যুর নিরাপত্তা জোরদারে আনসার ও বিসিবির সমঝোতা

দেশের ক্রিকেট ভেন্যুগুলোর নিরাপত্তা আরও শক্তিশালী ও আধুনিক করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনসার সদর দপ্তরে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন স্টেডিয়ামে সমন্বিত ও পেশাদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হলো। ক্রীড়া আয়োজন নির্বিঘ্ন রাখা এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সহযোগিতা এবার একটি কাঠামোবদ্ধ রূপ পেল। ক্রীড়াঙ্গনের বাড়তে থাকা চাহিদা অনুযায়ী দক্ষ ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
অন্যদিকে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ বলেন, বর্তমান সময়ে ক্রীড়া ভেন্যুর নিরাপত্তা অত্যন্ত সংবেদনশীল বিষয়। খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। এই চুক্তির ফলে প্রশিক্ষিত আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।
সমঝোতা অনুযায়ী বরিশাল, বগুড়া, রাজশাহী, ফতুল্লা, পূর্বাচল, চট্টগ্রাম ও খুলনার সাতটি স্টেডিয়ামে মোট ২৭২ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। এর আগে ঢাকার মিরপুর, কক্সবাজার ও সিলেটের স্টেডিয়ামে ১০৭ জন সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আনসার বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপত্তা নিশ্চিত করে বিদেশি দল ও দর্শনার্থীদের আস্থা বাড়াতে সহায়ক হবে এবং বড় ধরনের ক্রীড়া আয়োজনের সক্ষমতাও বৃদ্ধি পাবে।








