সিলেটে পৌঁছে হযরত শাহজালালের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন এবং প্রায় ২০ মিনিট অবস্থান শেষে সেখান থেকে বের হয়ে যান।
বিজ্ঞাপন
মাজার জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউসসংলগ্ন সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাবেশে অংশ নেন।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। সকাল ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে সকাল ৯টা ২০ মিনিটে তিনি রাজধানীর বাসভবন থেকে রওনা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এবং সেখান থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।
বিজ্ঞাপন
সিলেট বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে বেলা ১১টায় চাঁদনীঘাট এলাকায় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দেওয়ার সূচি রয়েছে।

সফরকে কেন্দ্র করে নগরের বিভিন্ন সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে ব্যানার-ফেস্টুনও দেখা গেছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট সফর হওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আগের দিন শুক্রবার বিকেল থেকেই বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ নানা কর্মসূচিতে অংশ নেন।
এর আগে গত ২১ জানুয়ারি সিলেট সফর করেছিলেন তারেক রহমান। পরদিন ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি জাতীয় নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন।








