Logo

বৃষ্টির মাঝেও প্রকল্প উদ্বোধনসহ সুধী সমাবেশে প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ১২:৩৪
বৃষ্টির মাঝেও প্রকল্প উদ্বোধনসহ সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রবল বর্ষণ উপেক্ষা করে সিলেটে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর, যা ঘিরে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) সকালে সফরের শুরুতেই তিনি হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন। এরপর নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সমাবেশে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পের আওতায় নদীতীর সংরক্ষণ, আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, সবুজায়ন, উন্নত নগর অবকাঠামো গড়ে তোলা এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে।

বিজ্ঞাপন

এর আগে সকালে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে যাত্রা করে সকাল ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সিলেটে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD