রাজধানীজুড়ে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি বলেন, নতুন করে কেউ অপরাধ জগতে প্রভাব বিস্তারের চেষ্টা করলে শুরুতেই তা দমন করা হবে।
বিজ্ঞাপন
শনিবার (২ মে) দুপুরে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আগের মতো বড় শীর্ষ সন্ত্রাসীর উপস্থিতি না থাকলেও তাদের সহযোগী বা নতুন অপরাধীদের তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তা আরও জোরদার করা হবে।
বিজ্ঞাপন
কারওয়ান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নতুন এই পুলিশ ক্যাম্প চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ক্যাম্পে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে এবং স্থানীয় ব্যবসায়ীরা গোপনে বা প্রকাশ্যে তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, রাজধানীজুড়ে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। এসব অভিযানে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান চলমান থাকবে। একই সঙ্গে বিভিন্ন স্থানে গোপন নজরদারি বাড়ানো হয়েছে এবং সিনিয়র কর্মকর্তাদের তত্ত্বাবধানে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
বিজ্ঞাপন
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো থানায় মামলা গ্রহণে অনীহা দেখা দিলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট সহকারী পুলিশ কমিশনার (এসি), ডেপুটি কমিশনার (ডিসি) বা ডিএমপির ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কারওয়ান বাজারে এই পুলিশ ক্যাম্প চালুর মাধ্যমে অপরাধ দমন আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, রাজধানীজুড়ে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।








