তিন মাসেই অবিশ্বাস নয়, সরকারকে সময় দেওয়ার আহ্বান ফারুকের

জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনের পর মাত্র আড়াই থেকে তিন মাসের মধ্যেই সরকারের প্রতি অবিশ্বাস সৃষ্টি করা উচিত নয়। দীর্ঘ সময় অপেক্ষার পর গঠিত নতুন সরকারকে কাজের সুযোগ দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
শনিবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৭ তারিখে শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে এবং এর ইতিবাচক প্রতিফলন ইতোমধ্যে দেখা যাচ্ছে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।
জয়নুল আবদিন ফারুক বলেন, “তিন মাসেই যদি সব কাজ শেষ করা যেত, তাহলে বাকি সময়ের প্রয়োজন হতো না। সরকারকে সময় দিতে হবে এবং আস্থা রাখতে হবে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। অতীতের শাসনামলে দেশের অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি পুনর্গঠন করতে সময় লাগবে। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সরকারের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা অবশ্যই প্রয়োজন, তবে অল্প সময়ের মধ্যেই সরকার পতনের মতো বক্তব্য হতাশাজনক। “১৫ দিনের মাথায় উৎখাতের কথা বলা ঠিক নয়,”—যোগ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি গণতন্ত্র, সংবিধান ও জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন। পাশাপাশি অতীতের রাজনৈতিক নির্যাতন, মামলা ও দমন-পীড়নের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এসবের পরই জনগণের সমর্থনে বর্তমান সরকার গঠিত হয়েছে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সরকার যেন গণতন্ত্র ও মানুষের সেবায় নিবেদিত থাকতে পারে—সে জন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।
বিজ্ঞাপন
তিনি দলীয় নেতা-কর্মী ও জোট নেতাদের উদ্দেশে বলেন, সংসদের ভেতরে যেমন সহযোগিতার কথা বলা হয়, বাইরে গিয়েও সেই একই অবস্থান বজায় রাখা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন সাইফুল হকসহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








