সিলেটে বাঁশিয়া খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট অঞ্চলের গুরুত্বপূর্ণ জলাধার পুনরুদ্ধারে বাঁশিয়া খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দখল, দূষণ ও পলি জমে নাব্যতা হারিয়ে ফেলা বাসিয়া নদী পুনরুদ্ধারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৪০ কিলোমিটার বিস্তৃত এই নদীটি সিলেট ও সুনামগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত। এর উৎস সিলেট সদর উপজেলার মাশুকগঞ্জ বাজার এলাকায় সুরমা নদী থেকে, যা দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর অতিক্রম করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বরাক বিলের সঙ্গে মিলিত হয়েছে।
তবে বর্ষা মৌসুম ছাড়া বছরের অধিকাংশ সময় নদীটিতে পানির প্রবাহ থাকে না, যা স্থানীয় পরিবেশ ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার হবে। একইসঙ্গে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।








