এবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে চলছে ব্যাপক প্রস্তুতি ও কর্মসূচির সম্ভাব্য ভেন্যু পরিদর্শনের কাজ।
বিজ্ঞাপন
শনিবার (২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি জানান, সফর উপলক্ষে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সম্ভাব্য আয়োজনস্থলগুলো পরিদর্শন ও প্রস্তুতি কার্যক্রম তদারকি করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে তারেক রহমান একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে পারেন। এর মধ্যে রয়েছে খাল খনন কার্যক্রমের উদ্বোধন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সুধী সমাবেশ এবং জনসভায় বক্তব্য প্রদান।
বিজ্ঞাপন
এই কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরিদর্শিত স্থানগুলোর মধ্যে চাঁদপুর সরকারি কলেজ, পৌর অডিটোরিয়ামসহ একাধিক সম্ভাব্য জনসমাগমস্থল অন্তর্ভুক্ত ছিল।
এর আগে শুক্রবার তিনি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখনন প্রকল্পের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেন। ওই খালটি একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা হয়েছিল বলে স্থানীয়ভাবে জানা যায়। এবার সেই খাল পুনরায় খনন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে, যেখানে তারেক রহমান উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন বলে প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
স্থানীয় রাজনৈতিক নেতারা জানান, বিএনপির ঘোষিত বিভিন্ন উন্নয়ন ও নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবেই খাল পুনঃখননসহ একাধিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধারের মাধ্যমে কৃষি সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ সম্প্রসারণ এবং হাঁস পালনের মতো গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
চাঁদপুর সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। জনসভা ও অন্যান্য কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।








