দ্রুতই স্বাভাবিক হচ্ছে ভারতের ট্যুরিস্টসহ সব ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত সহজ করতে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ আশার কথা জানান।
তিনি বলেন, ‘সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন। সেখানে ভারতের পক্ষ থেকে ভিসার ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আমরা আশা করছি, ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা দ্রুতই স্বাভাবিক হবে এবং দুই দেশের মধ্যে জনগণের যাতায়াত আবার আগের মতো সহজ হবে।’
বিজ্ঞাপন
এর আগে শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া পুনরায় চালু করতে যাচ্ছে ভারত।
সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশ গত ফেব্রুয়ারিতেই ভারতীয়দের সব ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে। এখন ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরুর পরিকল্পনা করছে।
উল্লেখ্য, গত মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত সফরে যান তখন তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ভিসার বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, যেহেতু বাংলাদেশ তাদের ভিসা কেন্দ্র থেকে ভারতীয়দের সব ধরনের ভিসা দিচ্ছে, তাই ভারতও যেন দ্রুত সময়ে একই ব্যবস্থা গ্রহণ করে।
বিজ্ঞাপন

২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া
পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘প্রথম কথা বিএনপির এখানে কোনো মনোভাব থাকার কথা না। ভারতে নির্বাচন হচ্ছে, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, ওদের গণতন্ত্রের ব্যাপার। আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে অনেকদিন পরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।’
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলাদেশে আমরা সবসময় যে রকম বলে আসছি, আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেরকমই আমরা চাইব আমাদের আশপাশের সব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং গণতন্ত্রের বিজয় হোক।
আরও পড়ুন: আজ ঐতিহাসিক শাপলা চত্বর গণহত্যা দিবস
আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, “ফরেন পলিসি ডু নট ওয়ার্ক দ্যাট ওয়ে। একটি দেশের ফরেন পলিসি একটি দেশের স্বার্থ-সংশ্লিষ্ট হয়। আমরা আগেই বহুবার বলেছি, আজকেও বলছি, প্রধানমন্ত্রীর যে ফরেন পলিসি ‘বাংলাদেশ ফার্স্ট’, সেই পলিসিতে চলব আমরা। সেটা অন্যান্য দেশে যে সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি একই থাকবে।”
বিজ্ঞাপন
পুশ-ইন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতে কোন সরকার ক্ষমতায় আছে তা বিবেচ্য নয় (নো ম্যাটার হুইচ গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার ইন ইন্ডিয়া)। আমাদের সঙ্গে ওদের ইস্যুগুলো কিন্তু রয়েই যায়। তো ওগুলো তো আমাদের অবশ্যই ডিল করতে হবে। বিজেপি হোক বা অন্য যেকোনো রাজনৈতিক দলই হোক (ওয়েদার ইটস বিজেপি অর এনি আদার পলিটিকাল পার্টি)।’
‘আমাদের ওদের সঙ্গে পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন সেটা আছে। আরও অনেক ইস্যু আছে, সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে। সেগুলো যে সরকারই আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সঙ্গে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে।’








