আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে

আগামী এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে সরকার আগে যেমন প্রতিশ্রুতি দিয়েছে, এখনও সেই অবস্থান বহাল রয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক সম্মেলনের একটি অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, যা ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। তার মতে, স্থানীয় সরকারই গণতন্ত্রের ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামো। এই খাতকে শক্তিশালী করা গেলে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ, কারণ জনগণই রাষ্ট্রের মূল শক্তি।
স্থানীয় সরকার ব্যবস্থার অতীত পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না ঘটে, সে বিষয়েও নজর রাখা হবে।
বিজ্ঞাপন
এছাড়া সরকারের চলমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।








