৩ দিনের সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে আজ (মঙ্গলবার) চীনের উদ্দেশে রওনা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বেইজিং সফর। চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য ওয়াং ই’র আমন্ত্রণে ৫ থেকে ৭ মে পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরকালে ড. খলিলুর রহমান ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক ক্ষেত্র, পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আলোচনায় দুই দেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকাগুলোর সম্ভাব্য সমন্বয়ের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো এবং দু’দেশের জনগণের মধ্যে বিনিময় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞাপন
চীন সরকার জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশের মধ্যকার ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের’ কাঠামোর আওতায় পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস বৃদ্ধি, বিভিন্ন খাতে বিনিময় ও বাস্তবমুখী সহযোগিতা জোরদার করা এবং উচ্চমানসম্পন্ন বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে আরো শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছে চীন।
সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।
আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে তার সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে থাকছেন।








