Logo

রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মে, ২০২৬, ১৮:১৯
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সচিবালয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ সময় আন্তর্জাতিক তহবিলে উল্লেখযোগ্য হ্রাসের বিষয়টি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর সামগ্রিক পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়নের বর্তমান অবস্থা এবং তাদের প্রত্যাবাসন প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও কেবল মানবিক দিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। বাংলাদেশের বিদ্যমান আর্থ-সামাজিক ও ভূ-প্রাকৃতিক বাস্তবতায় ক্যাম্পের আয়তন বৃদ্ধি করা অনেক কঠিন। সমস্যা সমাধানে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ইসরাইল-ইরানের মতো বৈশ্বিক ইস্যুগুলোর কারণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব সম্প্রদায়ের নজরের বাইরে চলে না যায়। তিনি রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনার মূল এজেন্ডায় রাখতে জাতিসংঘ ও ইউএনএইচসিআর-কে আরো জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান।

বিজ্ঞাপন

এ সময় আগামী ২০ মে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরণার্থী বিষয়ক ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান ইউএনএইচসিআর প্রতিনিধিরা।

বৈঠকালে ইভো ফ্রেইসেন নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানান।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD