ফ্লোরিডায় বৃষ্টির জানাজা সম্পন্ন, শনিবার দেশে মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। এ সময় মিয়ামিতে বাংলাদেশের কনস্যুলেটের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, জানাজা শেষে বৃষ্টির মরদেহ সংশ্লিষ্ট ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ৭ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে।
বিজ্ঞাপন
নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৯ মে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ হস্তান্তরের সময় অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামি কনস্যুলেটের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ দূতাবাস ও মিয়ামি কনস্যুলেট পুরো প্রক্রিয়া সমন্বয় করছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার সব ব্যয় সরকার বহন করছে।
এর আগে একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত সোমবার ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
তদন্ত শেষে গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ২৬ এপ্রিল একটি জলাশয় থেকে উদ্ধার হওয়া খণ্ডিত দেহাবশেষ বৃষ্টির বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।








