বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, দেশে যুক্ত হচ্ছে নতুন ৫ উপজেলা

দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। একইসঙ্গে চারটি জেলায় নতুন পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা সূত্রে জানা গেছে, বগুড়াকে সিটি কর্পোরেশনে রূপান্তরের মাধ্যমে জেলার নাগরিক সুবিধা সম্প্রসারণ, আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন।
বিজ্ঞাপন
এদিকে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও জনসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন পাঁচটি উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’ উপজেলা গঠন করা হবে।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাকে ভাগ করে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে দুটি নতুন উপজেলা—‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ গঠন করা হবে।
বিজ্ঞাপন
অন্যদিকে লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে নতুন ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত সরকারি সেবা পাওয়ার সুযোগ পাবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
সরকারের এই সিদ্ধান্তকে স্থানীয় উন্নয়ন ও বিকেন্দ্রীকরণ কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। নতুন প্রশাসনিক ইউনিটগুলো চালুর জন্য প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করা হবে বলে জানা গেছে।








