Logo

মায়েদের জন্য ঢাকা ডিসি অফিসে চালু হলো ব্রেস্ট ফিডিং কর্নার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১৮:৪৯
মায়েদের জন্য ঢাকা ডিসি অফিসে চালু হলো ব্রেস্ট ফিডিং কর্নার
ছবি: সংগৃহীত

সেবাগ্রহীতা মায়েদের সুবিধা নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে চালু করা হয়েছে আধুনিক ব্রেস্ট ফিডিং কর্নার বা মাতৃদুগ্ধ পানকক্ষ। নারী ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত নতুন এই কর্নারের উদ্বোধন করেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি সেবাকেন্দ্রগুলোকে আরও মানবিক ও জনবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় দুগ্ধপোষ্য শিশু নিয়ে সেবা নিতে আসা মায়েদের কথা বিবেচনা করে এই বিশেষ কর্নার স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, প্রতিদিন নানা প্রয়োজনে অসংখ্য মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। তাদের মধ্যে অনেক নারী থাকেন, যারা ছোট শিশু নিয়ে অফিসে আসতে বাধ্য হন। অনেক সময় জনসমক্ষে শিশুদের বুকের দুধ খাওয়াতে গিয়ে তারা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। সেই সমস্যার সমাধান করতেই স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে এই কর্নার চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার ঘোষিত নারী ও শিশুবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু সেবা নিতে আসা মায়েদের জন্য নয়, কার্যালয়ে কর্মরত নারী কর্মকর্তাদের জন্যও সহায়ক পরিবেশ নিশ্চিত করবে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্নারটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও আরামদায়কভাবে সাজানো হয়েছে। সেখানে মায়েদের বসার সুবিধাজনক ব্যবস্থা, শিশুদের জন্য খেলনা এবং গোপনীয়তা বজায় রাখতে প্রয়োজনীয় পর্দার ব্যবস্থা রাখা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কক্ষ ইতোমধ্যেই সেবাগ্রহীতা ও নারী কর্মীদের প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতে জনসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD