হামে আক্রান্ত যমজ শিশুর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ দুই যমজ শিশু হাসান ও হোসেনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে “হামের পরে নিউমোনিয়া, আইসিইউতে লড়ছে ২ যমজ শিশু” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই তাদের চিকিৎসা ও সার্বিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিশু দুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সহায়তা ও পুষ্টিকর ফলমূল তুলে দেওয়া হয়। প্রতিনিধিদলটি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসান-হোসেনসহ অন্যান্য শিশু রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।
বিজ্ঞাপন
চিকিৎসকরা জানান, দুই শিশুর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে তারা এখনও পুষ্টিহীনতায় ভুগছে এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মেজবাহুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. শাখাওয়াত হোসেন, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম ইবনে হালিম, ডা. মো. জহিরুল ইসলাম জহির, ডা. হাসিবুল হাসান, ডা. মো. হাফিজুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বিজ্ঞাপন
হাসান-হোসেনের বাবা পেশায় একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রত্যন্ত এলাকায়।








