Logo

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি, খোলা থাকবে যেসব অফিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মে, ২০২৬, ১৭:৪৭
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি, খোলা থাকবে যেসব অফিস
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত অফিস-আদালত বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার সরকারি অফিস খোলা রাখা হবে।

বিজ্ঞাপন

সরকারের নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং সংশ্লিষ্ট পরিবহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন।

এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং চিকিৎসা খাতের সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জরুরি দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনায় পৃথক নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

এছাড়া বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD