জনগণের অর্থ অপচয় নয়, সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ফখরুল

স্থানীয় সরকার বিভাগের অধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ব্যয় সাশ্রয় ও জনকল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য এবং জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন সিটি করপোরেশনের অধীন বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের জীবনমান উন্নয়ন এবং জনসেবার পরিধি বাড়ানো। তাই প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা এবং সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে প্রকল্প ব্যয় যেন যৌক্তিক সীমার মধ্যে থাকে, সেদিকেও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়। তবে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অবহেলা পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে। এ কারণে প্রকল্প পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সতর্ক ও জবাবদিহিমূলক আচরণ করার নির্দেশ দেন তিনি।
বিজ্ঞাপন
সভায় উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়। জনসেবার মানোন্নয়নে প্রযুক্তিনির্ভর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।
মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধিরা এবং চলমান উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।








