ফতুল্লার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের কেউই বাঁচলেন না

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সায়মা (৩৫) মারা যান। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
বিজ্ঞাপন
এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচজনের সবাই মারা গেলেন।
এর আগে সায়মার স্বামী মো. কালাম (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে কথা (১০) এবং মুন্নি (৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কালামের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ ছিল।
বিজ্ঞাপন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন একটি নয়তলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, বদ্ধ ঘরে গ্যাস জমে ছিল। ওই অবস্থায় কালাম লাইটার দিয়ে সিগারেট ধরাতে গেলে বিকট বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের পাঁচ সদস্য গুরুতর দগ্ধ হন।








