Logo

আসন্ন ঈদে জাহাজ ও লঞ্চের যাত্রীদের জন্য বড় সুখবর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মে, ২০২৬, ১৮:৫৪
আসন্ন ঈদে জাহাজ ও লঞ্চের যাত্রীদের জন্য বড় সুখবর
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের যাতায়াত সহজ করতে দেশের সব রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী সভায় বলেন, শ্রমিকদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। আগামী ২১ মে’র মধ্যে সব কারখানায় ঈদ বোনাস এবং নির্ধারিত সময়ের মধ্যে মাসিক বেতন পরিশোধের নির্দেশও দেন তিনি। পাশাপাশি মালিক ও শ্রমিক পক্ষের সমঝোতার ভিত্তিতে পর্যায়ক্রমে কারখানা ছুটি দেওয়ার আহ্বান জানান, যাতে সড়কে যানজট কমে।

বিজ্ঞাপন

সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব রুটে লঞ্চ ও জাহাজের ভাড়া ১০ শতাংশ কমানো হয়েছে।

শ্রমিক প্রতিনিধিরা সভায় বলেন, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে শিল্পাঞ্চলে অস্থিরতা এড়ানো সম্ভব হবে। পাশাপাশি যেসব কারখানায় এখনো বেতন বকেয়া রয়েছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ঈদযাত্রায় বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা বাড়ানোর আহ্বানও জানান শ্রমিক নেতারা।

বিজ্ঞাপন

সভায় আরও জানানো হয়, বেতন-বোনাস পরিশোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি।

সভায় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মালিক-শ্রমিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD