Logo

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দিল ব্রাজিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মে, ২০২৬, ১১:১৬
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দিল ব্রাজিল
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে ব্রাজিল। একই সঙ্গে উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও ইতিবাচক আশ্বাস দিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট ভবন পালাসিও দো প্লানালতোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে এ সমর্থনের কথা জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিম।

আগামী ২ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন। এতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস। এর আগে আলজেরিয়াও বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন জানিয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ ও কৌশলগত সমন্বয়ের জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেয় ব্রাজিল। সেলসো আমোরিম বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক বোঝাপড়া অত্যন্ত জরুরি।

এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, এর মাধ্যমে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

বিজ্ঞাপন

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়। বর্তমানে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সরাসরি শিপিং ব্যবস্থা চালু এবং তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।

আঞ্চলিক রাজনীতি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে সমতা, মর্যাদা ও ভারসাম্যপূর্ণ সম্পৃক্ততার ভিত্তিতে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সার্ককে পুনরুজ্জীবিত করার আগ্রহের কথাও জানান তিনি।

ব্রিকসে সদস্যপদ পাওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করা হলে সেলসো আমোরিম জানান, বিষয়টি তিনি প্রেসিডেন্ট লুলার সঙ্গে আলোচনা করবেন এবং বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।

বিজ্ঞাপন

এ ছাড়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) একটি শাখা বাংলাদেশে স্থাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD