Logo

শিশুদের সঙ্গে প্রাণবন্ত মুহূর্ত কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মে, ২০২৬, ১৬:৩১
শিশুদের সঙ্গে প্রাণবন্ত মুহূর্ত কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে অবস্থিত ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন। ভূমিসেবা মেলা–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি শিশুদের সঙ্গে এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) বেলা সোয়া ১১টার দিকে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ডে-কেয়ার সেন্টার পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রজুড়ে শিশুদের হাসি-আনন্দ, খেলাধুলা ও উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ বিরাজ করছিল।

পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে মিশে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি শিশুদের কাছে থাকা খেলনা ও আঁকা ছবি দেখেন এবং সেগুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তিনি শিশুদের মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন এবং তাদের নানা প্রশ্নের উত্তর দেন।

বিজ্ঞাপন

পরে শিশুদের নিয়ে কেক কাটা হয়। প্রধানমন্ত্রী নিজ হাতে শিশুদের কেক খাওয়ান এবং তাদের জন্য আনা চকলেট, টফি ও উপহার সামগ্রী বিতরণ করেন। উপস্থিত শিশুদের উদ্দেশে তিনি বলেন, সবাই কি পেয়েছো, কেউ বাকি আছে কি না তা জানতে চান।

ডে-কেয়ারে অবস্থানকালে তিনি শিশুদের খাবার, যত্ন ও মানসিক বিকাশ বিষয়ে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শিশুদের সার্বিক পরিচর্যা ও বিকাশে আরও মনোযোগী হওয়ার নির্দেশনাও দেন।

বিজ্ঞাপন

ডে-কেয়ার সেন্টারের দায়িত্বশীল কর্মকর্তা প্রধানমন্ত্রীর কাছে শিশুদের দৈনন্দিন কার্যক্রম ও সেবার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বর্তমানে কেন্দ্রটিতে ৬০টি আসন রয়েছে, যার মধ্যে ওইদিন ৫৫ জন শিশু উপস্থিত ছিল বলে জানানো হয়।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে বিদায় নেন। এ সময় শিশুরা হাত নেড়ে তাকে বিদায় জানায়। পরিদর্শনের সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD