ব্যবসা সহজ ও ব্যয় কমাতে কাজ করছে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ব্যবসা-বাণিজ্য আরও সহজ করা এবং উদ্যোক্তাদের ব্যয় কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর বনানীতে ‘কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
জোনায়েদ সাকি বলেন, দেশের নিজস্ব সক্ষমতা আরও শক্তিশালী করে দেশি ও বিদেশি বিনিয়োগের সমন্বয়ে অংশগ্রহণমূলক বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্য সামনে রেখে ব্যবসা পরিচালনা সহজ করা এবং খরচ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া আলোচকরা বলেন, সমুদ্রবন্দর, বিমানবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা ক্রমেই বাড়ছে। অথচ দেশের অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জন করেছে।
বিজ্ঞাপন
তাদের মতে, বিদেশি বিনিয়োগ দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও কৌশলগত খাতে দেশীয় উদ্যোক্তাদের অন্তত সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যৌথ উদ্যোগ এবং প্রযুক্তি হস্তান্তরের শর্ত বাধ্যতামূলক করার পরামর্শ দেন তারা।








