Logo

খাস জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর হতে ঢাকার ডিসিকে প্রধানমন্ত্রীর নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মে, ২০২৬, ১৯:২২
খাস জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর হতে ঢাকার ডিসিকে প্রধানমন্ত্রীর নির্দেশ
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি খাসজমি যেকোনো মূল্যে উদ্ধার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে উদ্ধার হওয়া জমি দ্রুত সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত ‘ভূমিসেবা মেলা-২০২৬’ পরিদর্শনের সময় ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাসজমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস না করার কঠোর বার্তা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর লালবাগ এলাকায় সরকারের প্রায় এক একর খাসজমি অবৈধ দখলদারদের কবল থেকে সফলভাবে পুনরুদ্ধার করায় ডিসি ফরিদা খানমের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসন সূত্র বলছে, ওই অভিযানের দৃঢ়তা, প্রশাসনিক সাহসিকতা ও দ্রুত বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন—প্রভাবশালী কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা সরকারি জমি দখল করে আছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সরকারি জমি উদ্ধারে চলমান অভিযান আরো জোরদারেরও নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া জেলা প্রশাসনের সেবা সহজীকরণে 'হ্যালো ডিসি' নামের একটি জরুরি সেবা চালুর কথা প্রধানমন্ত্রীকে জানান জেলা প্রশাসক।

বিজ্ঞাপন

নাগরিক সেবা সহজ করতে এমন উদ্যোগ নেওয়ার জন্য ঢাকার ডিসিকে ধন্যবাদ জানান এবং তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ১৩ মে রাজধানীর লালবাগে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে চালানো অভিযানে দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে অবৈধ দখলে থাকা এক একর জমি উদ্ধার করা হয়। জমিটি সরকারের আয়ত্তে নেওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। স্থানীয় লোকজন প্রশাসনের এই উদ্যোগকে ‘সাহসী ও নজিরবিহীন পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, উদ্ধার হওয়া মূল্যবান এই জমি ভবিষ্যতে জনকল্যাণমূলক প্রকল্প ও সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করা হবে।

অন্যদিকে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ৪৭টি চেকের মাধ্যমে ৮৮ জনকে মোট ৩৬ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার ৫১৭ টাকার ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দেওয়া হয়।

ঢাকা জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশে সবচেয়ে বেশি ই-নামজারি আবেদন জমা পড়ে ঢাকা জেলায়। আবেদন নিষ্পত্তির ক্ষেত্রেও শীর্ষ অবস্থানে রয়েছে এ জেলা প্রশাসন। গত ৩০ দিনে প্রায় ৩০ হাজার নামজারি আবেদনের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ২৩ হাজার ৬৩টি আবেদন। এসব আবেদন নিষ্পত্তিতে গড়ে সময় লেগেছে ১৯ দিন, যা ভূমি মন্ত্রণালয় নির্ধারিত ২৮ দিনের চেয়ে অনেক কম।

বিজ্ঞাপন

জেবি/এসডি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD