পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগের পরিকল্পনা সরকারের

আগামী পাঁচ বছরের মধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্দেশ্যে সময়ভিত্তিক একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের শূন্য পদের তথ্য এবং নিয়োগের সময়সূচিভিত্তিক পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত এপ্রিলে জনপ্রশাসন মন্ত্রণালয় সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়ে চিঠি পাঠায়। নির্ধারিত ছকে তথ্য পাঠানোর জন্য সিনিয়র সচিব ও সচিবদের অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সেই অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ।
এতে আরও বলা হয়, মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থা এবং মাঠপর্যায়ের কার্যালয়গুলোর যেসব পদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বা সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণযোগ্য, সেসব শূন্য পদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বিজ্ঞাপন
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের শূন্য পদ পূরণ হলে প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়বে এবং সরকারি সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








