ঢাকায় ১৯ পশুর হাটের ইজারা চূড়ান্ত, সর্বোচ্চ দর কোথায়?

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মোট ২৭টি অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৯টি হাটের ইজারা প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। বাকি আটটি হাটে কাঙ্ক্ষিত দর না পাওয়া বা দরপত্র না পড়ায় পুনঃদরপত্র আহ্বান করা হয়েছে।
বিজ্ঞাপন
ডিএনসিসি ও ডিএসসিসি সূত্রে জানা গেছে, ইজারা পাওয়া হাটগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকার হাটে। এ হাটটি ১৪ কোটি ১৫ লাখ টাকায় ইজারা পেয়েছে। অন্যদিকে ডিএসসিসির মধ্যে সর্বোচ্চ দর উঠেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ির পানির পাম্প পর্যন্ত বিস্তৃত হাটে, যার ইজারা মূল্য ৪ কোটি ৩৫ লাখ টাকা। ইতোমধ্যে সর্বোচ্চ দরদাতারা এসব হাটের জায়গা বুঝে পেয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গত ৯ এপ্রিল ১২টি এবং ২৮ এপ্রিল আরও চারটি হাটের জন্য পৃথকভাবে দরপত্র আহ্বান করে। মোট ১৬টি হাটের মধ্যে ১০টিতে সর্বোচ্চ দরদাতা পাওয়া গেছে এবং তাদের কাছে হাটের জায়গা হস্তান্তর করা হয়েছে। বাকি ৬টি হাটে কাঙ্ক্ষিত দর না পাওয়ায় পুনঃদরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন জানান, যে হাটগুলোতে সর্বোচ্চ দর পাওয়া গেছে, সেগুলোর ইজারা প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্টদের কাছে জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি হাটগুলোতে কাঙ্ক্ষিত দর না পাওয়ায় নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে এবং দর পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ইজারা দেওয়া হবে।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত ১৬ এপ্রিল ১১টি হাটের জন্য দরপত্র আহ্বান করে। এর মধ্যে এখন পর্যন্ত ৯টি হাটে সর্বোচ্চ দরদাতা পাওয়া গেছে। এর মধ্যে পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী হাটটি ৪ কোটি ১ লাখ টাকায় ইজারা পেয়েছেন কাজী মাহবুব মাওলা হিমেল।
তিনি জানান, ইতোমধ্যে হাটে বিভিন্ন জেলা থেকে খামারিরা পশু নিয়ে আসা শুরু করেছেন। বিশেষ করে কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চল থেকে পশুর সরবরাহ বেশি। তবে এখনো আনুষ্ঠানিক বেচাকেনা শুরু হয়নি। কোরবানিকে সামনে রেখে হাটের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
ডিএসসিসির অন্যান্য হাটের মধ্যে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন খালি জায়গার হাট তিন কোটি ১২ লাখ ৩৬ হাজার টাকায়, আমুলিয়া মডেল টাউন এলাকার হাট দুই কোটি ১৫ লাখ টাকায়, শিকদার মেডিকেল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গার হাট চার কোটি ২০ লাখ টাকায় এবং কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী সড়ক সংলগ্ন হাট তিন কোটি ৬৫ লাখ টাকায় ইজারা পেয়েছে।
এছাড়া গোপালবাগ আউটফল স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের হাট ৫৩ লাখ ৯৩ হাজার ৩৩৪ টাকায় এবং গুলশান-ভাটারা এলাকার কয়েকটি হাটও বিভিন্ন দরে ইজারা সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
তবে ডিএসসিসির সাদেক হোসেন খোকা খেলার মাঠ সংলগ্ন খালি জায়গা এবং শ্যামপুর-কদমতলী ট্রাক স্ট্যান্ড এলাকার দুইটি হাটে কাঙ্ক্ষিত দর পাওয়া যায়নি। এসব হাটে পুনঃদরপত্র আহ্বান করা হবে নাকি খাস আদায়ের মাধ্যমে পরিচালনা করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, এখন পর্যন্ত ৯টি হাটের ইজারা সম্পন্ন হয়েছে। বাকি দুইটি হাটে কাঙ্ক্ষিত দর না পাওয়ায় পরবর্তী করণীয় নির্ধারণে বিভাগীয় কমিশনার কার্যালয়ে মতামত চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা পশু নিয়ে আসেন। এসব হাট থেকেই ঢাকাবাসী কোরবানির পশু কেনাকাটা সম্পন্ন করে থাকেন। ফলে রাজধানীতে এখন ঈদকেন্দ্রিক বাণিজ্যিক প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।








