Logo

সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মে, ২০২৬, ১৯:০৮
সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হলে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) স্পিকার সংসদ ভবনে তার কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ-এর আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন।

আলোচনায় স্পিকার বলেন, দেশের উন্নয়নে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজের সব স্তরে সমতা প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে প্রতিনিধিদল ও স্পিকারের মধ্যে সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন, দেশের সার্বিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ ক্ষেত্রে ককাসের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

এ সময় নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের প্রতিনিধিরা স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান। একইসঙ্গে সম্প্রতি তার সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর সমবেদনাও প্রকাশ করেন তারা।

বিজ্ঞাপন

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD