বগা সেতু বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, দ্রুত কাজ শুরু হবে: সেতুমন্ত্রী

পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর বহুল প্রত্যাশিত বগা সেতু নির্মাণ প্রকল্প এখন চূড়ান্ত বাস্তবায়ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বিজ্ঞাপন
তিনি বলেন, সেতুর ডিজাইন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এখন শুধু চীনের সঙ্গে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সম্পন্ন হওয়া বাকি। আশা করা হচ্ছে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।
মঙ্গলবার (১৮ মে) দুপুর ২টায় বগা সেতু বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন শেষে চর গরাবদী এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সেতুমন্ত্রী আরও বলেন, “বগা সেতু দীর্ঘদিন ধরে স্থবির অবস্থায় ছিল। এ অঞ্চলের মানুষের দুর্ভোগ ও প্রত্যাশার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ছোট্ট শিশু আবিরা একটি টেলিভিশন চ্যানেলে বগা সেতু বাস্তবায়নের দাবি জানিয়ে যে বক্তব্য দিয়েছে, তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। প্রধানমন্ত্রী আমাকে বিষয়টি দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। গত ২০ দিন ধরে আমরা এ প্রকল্প নিয়ে কাজ করছি।”
বিশেষ অতিথির বক্তব্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বগা সেতু কোনো ব্যক্তি, দল বা একটি উপজেলার দাবি নয়; এটি দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি। পাঁচ উপজেলার প্রায় ২০ লাখ মানুষ দ্রুত সময়ের মধ্যে বগা সেতুর বাস্তবায়ন দেখতে চায়।”
তিনি সেতুমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মন্ত্রী মহোদয় অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে বাউফলে এসেছেন। আমরা বগা সেতুর দাবি জানালে তিনি আন্তরিকতার সঙ্গে আশ্বাস দিয়েছেন। আশা করি খুব দ্রুতই এ আশ্বাস বাস্তবে রূপ নেবে।”
বিজ্ঞাপন
ড. মাসুদ আরও বলেন, “কিছুদিন আগে ফেরিঘাটে বিদ্যুৎ না থাকায় এক যুবক নদীতে পড়ে মৃত্যুবরণ করেন। এমন অসংখ্য দুর্ঘটনার সাক্ষী বগা ফেরিঘাট। তাই মানবিক বিবেচনায় এ সেতু নির্মাণ অত্যন্ত জরুরি।”
তিনি বাউফলবাসীর পক্ষ থেকে সেতুমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চাই, খুব দ্রুত বগা সেতুর নির্মাণকাজ শুরু হোক এবং এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটুক।”
বিজ্ঞাপন
শিশু আবিরার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আমাদের ছোট্ট সোনামণি আবিরার প্রচেষ্টা এ আন্দোলনকে আরও বেগবান করেছে। তার কথায় মাননীয় প্রধানমন্ত্রীর হৃদয় স্পর্শ করেছে। এজন্য আবিরাও ধন্যবাদ ও প্রশংসার দাবিদার।”
এ সময় তিনি মানবিক বিবেচনায় বগা সেতু প্রকল্প গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ধন্যবাদ জানান।
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।








