Logo

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বড় সুখবর দিল মেট্রোরেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মে, ২০২৬, ১৯:০৪
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বড় সুখবর দিল মেট্রোরেল
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রার ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবটি অর্থ বিভাগ অনুমোদন করেছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ‘সুবর্ণ পরিচয়পত্র’ধারী প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা এই সুবিধা পাবেন। পাশাপাশি ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই করে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সুবিধা নিতে পারবেন।

বিজ্ঞাপন

এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড় চালু রেখেছিল। নতুন সিদ্ধান্তে প্রতিবন্ধীদের ছাড় ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে এবং প্রবীণদের জন্য আলাদা করে ২৫ শতাংশ ছাড় যুক্ত করা হয়েছে।

নীতিগতভাবে দেশে ৬০ বছর বা তার বেশি বয়সীদের সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য করা হলেও মেট্রোরেলে এই সুবিধা ৬৫ বছর বয়স থেকে কার্যকর করা হয়েছে। ডিএমটিসিএল জানিয়েছে, রাজস্ব আয়ের ভারসাম্য, পরিচালন ব্যয় এবং ভবিষ্যতে ঋণ পরিশোধের বাধ্যবাধকতার কারণে এই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটির হিসাব অনুযায়ী, এই নতুন ছাড়ের ফলে বছরে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব কমতে পারে, যা মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশ।

এদিকে শিক্ষার্থীদের জন্য ভাড়া ছাড়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে ডিএমটিসিএল-এর আয়-ব্যয় বিশ্লেষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD