Logo

গাবতলী হাটে মহিষ কিনলে— সঙ্গে প্রায় দুই মণ ওজনের গরু ফ্রি!

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১৪:০৪
গাবতলী হাটে মহিষ কিনলে— সঙ্গে প্রায় দুই মণ ওজনের গরু ফ্রি!
ছবি: সংগৃহীত

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর গাবতলী পশুর হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু ও মহিষ আসতে শুরু করেছে। তবে এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা বলে জানিয়েছেন বিক্রেতারা।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, হাটে এখনো পর্যাপ্ত পশু ওঠেনি। বেশিরভাগ জায়গায় বাঁশ-খুঁটি বসানো ও অস্থায়ী অবকাঠামো তৈরির কাজ চলছে। বিক্রেতারা সময় কাটাচ্ছেন পশুকে খাওয়ানো ও বিশ্রাম দেওয়ার মধ্যেই।

মঙ্গলবার কুষ্টিয়া থেকে দুইটি গরু নিয়ে আসা রমিজ উদ্দিন জানান, তিনি প্রায় ১০ লাখ টাকা দাম ধরেছেন। তবে ক্রেতারা এলেও এখনো কেনার মতো চূড়ান্ত সিদ্ধান্তে কেউ পৌঁছায়নি।

বিজ্ঞাপন

আরেক বিক্রেতা আবুল হোসেন বলেন, সকালে ২৬টি গরু এনেছেন, আরও ৭৯টি আনার প্রস্তুতি চলছে। তিনি বলেন, “গরু আসা শুরু হয়েছে, কিন্তু ভিড় এখনো শুরু হয়নি। পশু বাড়লে ক্রেতাও আসবে।”

অন্যান্য বিক্রেতারা জানান, পরিবহন ও খাবারের খরচ বেড়ে যাওয়ায় এবার গরুর দাম তুলনামূলক বেশি রাখা হচ্ছে। তবে ক্রেতারা এখনই কিনতে আগ্রহী নন, তারা ঈদের আগ মুহূর্তে দাম কমার অপেক্ষায় রয়েছেন।

মেহেরপুর সদর উপজেলার হিরা ব্যাপারী জানান, তার খামার থেকে এখন পর্যন্ত ২৬টি গরু হাটে এসেছে। আরও প্রায় ৮০টি আনার পরিকল্পনা রয়েছে। তিনি আশা করছেন, ঈদ ঘনিয়ে এলে বিক্রি বাড়বে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ১৫টি গরু নিয়ে আসা জিয়া ব্যাপারী বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাটে এলেও এখনো বিক্রি জমেনি। তবে ঈদের আগে ভালো বেচাকেনার আশা করছেন তিনি।

জামালপুর থেকে প্রায় ৮০টি গরু নিয়ে আসা আরেক বিক্রেতা জাকারিয়া জানান, খরচ ও প্রস্তুতির চাপ থাকলেও এখনো ক্রেতার দেখা মিলছে না। হতাশা প্রকাশ করে তিনি বলেন, পশু এনেছি, এখন ক্রেতার অপেক্ষায় সময় কাটছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, হাটে আসা বেশিরভাগ গরুই গতকাল বা আজ সকালে এসেছে। তবে এখনো বড় ধরনের বেচাকেনা শুরু হয়নি। পশুর সংখ্যাও তুলনামূলক কম হওয়ায় হাট অনেকটা শান্ত রয়েছে।

এদিকে কেরানীগঞ্জের লাকীচর এলাকা থেকে আনা প্রায় এক টন ওজনের বিশাল একটি মহিষ হাটে দর্শনার্থীদের নজর কাড়ছে। মহিষটির দাম প্রায় ২৫ লাখ টাকা হাঁকা হচ্ছে বলে জানান বিক্রেতা মজিবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, আকার ও খামার থেকে আনার খরচ বিবেচনায় দাম কিছুটা বেশি রাখা হয়েছে। তবে এই বিশাল মহিষকে ঘিরে হাটে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি ক্রেতাদের জন্য ঘোষণা দেন, মহিষটি কিনলে আলাদা করে গরু কিনতে হবে না—সঙ্গে প্রায় দুই মণ ওজনের একটি সাদা গরু ফ্রি দেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD