শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগত প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে বিচার মুখোমুখি করার ইচ্ছার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যা ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনগতভাবেই তাকে ফেরত চায়। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধও করা হয়েছে। দুই দেশের বিদ্যমান চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে মামলার মুখোমুখি করার প্রত্যাশা সরকারের।
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা রয়েছে বলে তার জানা নেই। আদালতের কোনো বাধা না থাকলে গণমাধ্যম যে কারও বক্তব্য প্রচার করতে পারে। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটি অবশ্যই অনুসরণ করা উচিত।
বিজ্ঞাপন
ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকারের নাগরিকত্ব ও অনুপ্রবেশ সংক্রান্ত অবস্থান নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। দেশটির নিজস্ব আইন ও নীতিমালার ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নেবে। তবে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিজিবি মোতায়েন আছে।
পুলিশের কার্যক্রম নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, কোনো ঘটনা ঘটার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া পুলিশের দায়িত্ব। পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ ও অপরাধী গ্রেপ্তারের মতো প্রতিরোধমূলক কাজও আইনশৃঙ্খলা বাহিনী করে যাচ্ছে।
পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বিচার ও শাস্তির বিষয়টি আদালত নিশ্চিত করবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রামিসা, আছিয়া, তনু হত্যা, বগুড়ায় তরুণী ধর্ষণ এবং গাজীপুরের পাঁচ হত্যাসহ আলোচিত ঘটনাগুলোর তালিকা তৈরি করে দ্রুত বিচার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ কাজ করছে এবং বাহিনীর সংস্কারেও গুরুত্ব দিচ্ছে সরকার।
সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পায়নি উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার গুরুত্বসহকারে কাজ করছে। এজন্য কিছুটা সময় প্রয়োজন।








