যানজট কমাতে ভৈরব নদের ওপর নতুন সেতু হবে: প্রতিমন্ত্রী অমিত

যশোর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে ভৈরব নদের ওপর নতুন সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি শহরের ঐতিহ্যবাহী কাঠেরপুল সেতুটি সম্প্রসারণের কথাও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২২ মে) যশোর পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, গরীব শাহ’র মাজার থেকে ঘোপ নওয়াপাড়া সড়ক পর্যন্ত নতুন সেতু নির্মাণ করা হবে। এতে শহরের যানজট অনেকটাই কমে আসবে। একই সঙ্গে কাঠেরপুল সেতুটি প্রশস্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে নাগরিকদের দুর্ভোগ কমানো সরকারের দায়িত্ব। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে চলমান উন্নয়নকাজ অব্যাহত রয়েছে এবং আগের বছরের তুলনায় ভোগান্তি অর্ধেকে নামিয়ে আনার চেষ্টা চলছে।
সমাবেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত যশোর গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
এদিন পৌরসভার বিভিন্ন এলাকায় আরসিসি সড়ক, ড্রেন নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।








