শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ

রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।
বিজ্ঞাপন
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর থেকেই মিরপুর-১০ গোলচত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে শুরু করেন। পরে তারা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায়ও মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে ওই এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় শোকাহত বাবা-মাকে সান্ত্বনা দেন তিনি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার সকালে মিরপুর-১১ নম্বরের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং পরে মরদেহ গোপনের চেষ্টা চালানো হয়েছিল। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।








