আকস্মিক পরিদর্শনে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ জনকে স্ট্যান্ড রিলিজ

নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের অভিযোগে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। শুক্রবার (২২ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, অনুপস্থিতি ও নির্ধারিত সময়ের পরে অফিসে আসার অভিযোগে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সম্প্রতি বরিশাল ও ঢাকায় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এছাড়া অনেককে অফিস সময়ের পরে উপস্থিত হতে দেখা যায়।
এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরও ৩ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি করেছে।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। একই সঙ্গে সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।








